Friday, July 15, 2016

এইচপি ক্যাম্প খুব সিরিয়াসলি নিচ্ছি-মিরাজ

২৫ জন ক্রিকেটার নিয়ে কাল থেকে শুরু হচ্ছে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) ক্যাম্প। এর আগে আজ জাতীয় ক্রিকেট একাডেমিতে রিপোর্ট করতে হবে খেলোয়াড়দের। এই এইচপি কার্যক্রমে রয়েছেন সর্বশেষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান। কালের কণ্ঠ স্পোর্টসের মুখোমুখি হয়ে জানালেন এই ক্যাম্প নিয়ে তাঁর ভাবনার কথা।

কালের কণ্ঠ স্পোর্টস : এবারের এইচপি ক্যাম্পে থাকা কতটা গুরুত্বপূর্ণ?

মেহেদী হাসান : আমরা যে ২৪-২৫ জন রয়েছি, সবার জন্য এটি গুরুত্বপূর্ণ। কারণ এখন তো কোনো খেলা নেই। অনুশীলন করতে হয় নিজের মতো করে। এখন এইচপি থাকার কারণে সবাই নির্দিষ্ট রুটিনের মধ্যে চলে আসব। ফলে সেটি দক্ষতা বাড়াতে কাজে লাগবে। আর সামনে যখন প্রতিযোগিতামূলক ক্রিকেট হবে, সেখানে আরো বেশি প্রস্তুত হয়ে আমরা মাঠে নামতে পারব। আর সবার কথা বাদ দিয়ে যদি শুধু নিজেরটা বলি, তাহলেও এইচপি ক্যাম্প আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।

প্রশ্ন : কেন?

মেহেদী : কারণ প্রিমিয়ার লিগ আমার ততটা ভালো যায়নি। খুব খারাপ খেলেছি, তা নয়। তবে প্রত্যাশামতো খেলতে পারিনি। আর ওই খেলার পর একটা গ্যাপও তো হয়ে গেছে। আমাদের দল কলাবাগান ক্রিকেট একাডেমি রেলিগেশনে পড়ে গেছে। সুপার লিগে না ওঠার কারণে এক-দেড় মাস মাঠের বাইরে। সে কারণে এইচপিতে আরো বেশি মনোযোগ দিচ্ছি।

প্রশ্ন : লিগে ১১ ম্যাচে ২৩০ রান এবং ১০ উইকেট। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষে আরো ভালো করার আশা ছিল নিশ্চয়ই?

মেহেদী : অবশ্যই। সেটি আমি আগেই বললাম। নিজের কাছে নিজের যে আশা ছিল, সেটিই মেটাতে পারিনি। এখানে অনেকগুলো বিষয় কাজ করেছে। আমাদের দলটা ভালো হয়নি। খুব একটা ম্যাচ জিততে পারিনি। তো ম্যাচ জিততে না থাকলে নিজের ভালো খেলার প্রেরণাতেও ঘাটতি দেখা দেয়। হয়তো আমার ক্ষেত্রেও সেটি হয়েছিল। তার ওপর আমি ঠিক একশ ভাগ সুস্থ ছিলাম না। কাঁধের ইনজুরি ভুগিয়েছে খুব। সব মিলিয়ে লিগে যতটা ভালো করার কথা ছিল, ততটা পারিনি।

প্রশ্ন : ইনজুরির এখন কী অবস্থা?

মেহেদী : ভালো। আগের চেয়ে অনেক ভালো। বলা যায়, ৮০ থেকে ৯০ শতাংশ সেরে গেছে। বাকি ১০-২০ শতাংশ সারতে সময় লাগবে না। আমি এখন পুনর্বাসন প্রক্রিয়ার ভেতরে রয়েছি। কিছু দিনের মধ্যেই পুরোপুরি ফিট হয়ে যাব।

প্রশ্ন : জাতীয় দলে খেলার লক্ষ্যপূরণ কত দূরে?

মেহেদী : সেই স্বপ্ন তো রয়েছেই। তবে ঠিক এই মুহূর্তে সেটি ভাবছি না। আমি ধাপে ধাপে এগোনোয় বিশ্বাসী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর প্রিমিয়ার লিগে যেমনভাবে এগোতে চেয়েছি, সেটি হয়নি। এ কারণে এইচপি ক্যাম্প আমি খুব সিরিয়াসলি নিচ্ছি। এখানে পরিশ্রম করে ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করব।

No comments:

Post a Comment